বৃষ্টির আগে বাংলাদেশ–ভারত সমানে সমান
কানপুরে বৃষ্টি পড়ছিল গতকাল রাত থেকেই। কখনো ঝিরিঝিরি, কখনো অঝোর ধারায়। আজ সকালে বৃষ্টি না এলেও আকাশ ছিল মেঘলা। যে কোন সময় বৃষ্টি নামবে, অবস্থাটা ছিল এমন। এর মধ্যেই কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় ভরে যায় দর্শকে।
তিন বছর পর ঘরের মাঠে টেস্ট ম্যাচ হচ্ছে, সেই রোমাঞ্চ অনুভব করতেই ঝড়বৃষ্টির উপেক্ষা করে মাঠে এসেছে শিক্ষার্থীসহ সাধারণ দর্শক। কিন্তু বৃষ্টি কেড়ে নিল কানপুর টেস্টের প্রথম দিনের প্রায় দুই সেশনের খেলা।
সারা দিনে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার, এই সময়ের মধ্যে বাংলাদেশ দল যা ব্যাটিং করেছে, তা প্রশংসা করার মতো। বৃষ্টিতে দিনের খেলা আগেভাগেই শেষ হওয়ার আগে ৩ উইকেট ১০৭ রান করেছে বাংলাদেশ।
আগের রাতের বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হলো নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। টসে জিতে ভারত বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। লাঞ্চ বিরতি পর্যন্ত ২৬ ওভার খেলা হয়। এরপর আবার বৃষ্টি নামলে ৪০ মিনিট খেলা বন্ধ ছিল। সে সময় দুই দল লাঞ্চ বিরতিতে যাওয়ার খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু দ্বিতীয় সেশনে মাত্র ৯ ওভার খেলা হওয়ার পর ঝুম বৃষ্টি নামে। এতটাই যে আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

Comments
Post a Comment