সাদমানের আউটে ডিআরএস নিয়ে প্রশ্ন তামিমের, শুধরে দিলেন শাস্ত্রী
কানপুর টেস্টে আজ প্রথম দিনে বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম এলবিডব্লু হন। রিভিউ নিয়ে তাঁর উইকেটটি তুলে নেয় ভারত। সাদমানের আউটটি নিয়ে ধারাভাষ্যকক্ষে হালকা তর্কও হয়ে গেছে তামিম ইকবাল ও রবি শাস্ত্রীর মধ্যে।
বাংলাদেশ ইনিংসের ১৩তম ওভারে আকাশ দীপের লেংথ বল একটু লাফিয়ে খেলতে গিয়ে ব্যাটে পাননি সাদমান। বল তাঁর প্যাডে লাগার সঙ্গে সঙ্গেই আউটের আবেদন করেন ভারতের পেসার আকাশ দীপ। বাকি ফিল্ডাররাও আবেদন করেন। আম্পায়ার আউট দেননি।
প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, বল লেগ স্টাম্পের পাশ দিয়ে বের হয়ে যেত। কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নেন। টিভি রিপ্লে দেখেও মনে হয়েছে বল লেগ স্টাম্পের পাশ দিয়ে বের হয়ে যেত। কিন্তু বল–ট্র্যাকিং প্রযুক্তিতে দেখা যায় বলটা লেগ স্টাম্পেই আঘাত হানত। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ায় মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবরো নিজের সিদ্ধান্ত পাল্টে সাদমানকে আউট ঘোষণা করেন।

Comments
Post a Comment